দর্শনার্থীর চাপে ক্ষতে ইনফেকশন সূবর্ণচরের গৃহবধূর

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ০৮:১০ পিএম

নোয়াখালীর সুবর্ণচরে দলবদ্ধ ধর্ষণের শিকার নারীর স্বাস্থ্যের অবনতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক।

নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: খলিলুর রহমান জানান, অতিরিক্ত লোকজন আসার কারণে রোগীর শরীরের বিভিন্ন স্থানে ইনফেকশন দেখা দিয়েছে। এর জন্য এন্টিবায়োটিক চলছে।

তিনি জানান, শরীর ও পায়ের ফুলা ক্রমশ কমে যাবে। তবে আস্তে আস্তে কমবে তা সময় লাগবে এবং ধৈর্য ধরতে হবে।

হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ডা: ফাতেমা জানান, ধর্ষিতার শরীর থেকে এখনো ব্লিডিং হচ্ছে। তবে আগের তুলনায় পরিমাণে কম হচ্ছে। এটা বন্ধ হতে সময় লাগবে। ধর্ষিতার স্বামী তার উন্নত চিকিৎসা দাবী করেন। 

এদিকে ধর্ষণ মামলার আসামি রুহুল আমিন মেম্বারকে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে বলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওমর ফারুক জানিয়েছেন।

শনিবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখা করে ঐ নারীর চিকিৎসার জন্য ২ লাখ টাকা, সিডনি বিএনপির পক্ষ থেকে ১ লাখ টাকা ও নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি ৪০ হাজার টাকা অনুদান দেন।

ধর্ষিতার পরিবারের নিরাপত্তার ব্যাপারে সুবর্ণচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, পুলিশ সবসময় খোঁজ খবর রাখছে। তাদের নিরাপত্তার কোনো সমস্যা হবে না। 

শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও নোয়াখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু হাসপাতালে ঐ গৃহবধূকে দেখতে যান এবং নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর পক্ষে তাদের পুনর্বাসনের আশ্বাস দেন।

তবে ধর্ষিতার পরিবার ক্ষোভের সাথে জানায়, ঘটনার পাঁচদিন পরেও স্থানীয় চেয়ারম্যান তাদের খোঁজ খবর নেয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত