স্কুলের অনুষ্ঠানে গিয়ে নেচে ভাইরাল হলেন ভারতের এক সাংসদ। সামাজিক যোগাযোগমাধ্যমে এই নাচের ভিডিও নিয়ে বেশ সমালোচনার মুখেও পড়েন মহারাষ্ট্রের এ কংগ্রেস নেতা।
দেশটির বার্তা সংস্থা এএনআই তাদের টুইটারে ভিডিওটি প্রকাশ করে। শনিবার নিজের এলাকায় একটি স্কুলের অনুষ্ঠানে মঞ্চে শিক্ষার্থীদের সঙ্গে নাচেন এনসিপি সাংসদ মধুকর কুরকে।
এনডিটিভি জানায়, সদ্য মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা ‘সিম্বা’ ছবির ‘আঁখ মারে’ গানের তালে নাচতে দেখা যায় ৬৩ বছর বয়সী এ সাংসদকে। তার নাচের সঙ্গে সঙ্গে উপস্থিত অন্যান্য অতিথি ও শিক্ষার্থীরা হাততালি দিয়ে উল্লাশ প্রকাশ করছেন।
এদিকে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে একজন জনপ্রতিনিধির নাচের এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে তর্ক-বিতর্ক সৃষ্টি করেছে। অনেকেই তার কর্মকাণ্ডের বিরুদ্ধে মতো দিলেও কেউ কেউ এটিকে স্বাগতও জানিয়েছে।
জনপ্রতিনিধি হয়েও শিক্ষার্থীদের সঙ্গে এভাবে নাচ-গান করাকেও অনেকেই সাধুবাদ জানিয়েছেন। অনেকেই তার নাচের মুদ্রা ও গানের প্রশংসাও করেন।
তবে স্কুলের অনুষ্ঠানে গিয়ে এভাবে নাচ করা উচিত হয়নি বলে অনেকের মতো। তারা রাজনৈতিক নেতাদের আচরণবিধি নিয়েও প্রশ্ন তুলেছেন।
