প্রথম ম্যাচের রোমাঞ্চেই বিধ্বংসী জাজাই

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ০১:৪৯ এএম

হজরতুল্লাহ জাজাই যা করছেন তা আসলে আক্ষরিক অর্থেই ভেতরে বয়ে যাওয়া রোমাঞ্চের ফল। তা নইলে কি? টানা দ্বিতীয় ম্যাচের সেরা খেলোয়াড় হয়ে সংবাদ সম্মেলনে এসে জানালেন, ‘ভাবতেই পারিনি প্রথম ম্যাচে আমি খেলব।’

বাঁহাতি ওপেনার প্রথম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে ঢাকা ডায়নামাইটসকে জিতিয়েছেন ৪১ বলে ৭ ছক্কা আর ৪ বাউন্ডারিতে ৭৮ রানের ইনিংসে। কিছুদিন আগেও আন্তর্জাতিক অঙ্গনে অপরিচিত ২০ বছরের যুবা আফগান প্রিমিয়ার লিগে গত বছর ৪৪ বলে সেঞ্চুরি হাঁকান। ওভারের ছয় বলে ৬ ছক্কাও মেরেছিলেন। এরপর আফগানিস্তান দলে অভিষেকের পরই হিরো। তিন ম্যাচের দুটি জিতিয়েছেন ফিফটিতে।

বিপিএল অভিষেকেও তাই। ঢাকা ডায়নামাইটস গতকাল তাদের দ্বিতীয় খেলায় ১০৫ রানে হারাল খুলনা টাইটান্সকে। ৩৬ বলে ৫ ছক্কা ও ৩ চারে ৫৭ জাজাইয়ের। কিন্তু বিপিএলের অভিষেক ম্যাচই যে তার ভাগ্য ঘুরিয়ে দিয়েছে সেটা শুনুন জাজাইয়ের কণ্ঠে, ‘কোচ বলেছিলেন প্রথম ম্যাচে আমি খেলব। তখন খুব রোমাঞ্চিত হয়ে উঠি। দলে আছেন (ইয়ান) বেল, (কাইরন) পোলার্ড, (আন্দ্রে) রাসেল আর সুনিল নারিন।’

সেই রোমাঞ্চেই জাজাই এখন পর্যন্ত এবারের বিপিএলে সবচেয়ে সফল বিদেশি তারকা। এবারের আসরে একাদশে চার বিদেশি রাখার নিয়ম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত