কক্সবাজারে ‘মাদক ব্যবসায়ীর’ গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১২:৪৭ পিএম

কক্সবাজার শহরে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৬টার দিকে কক্সবাজার শহরের কলাতলী কাটাপাহাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত জাহাঙ্গীর আলম কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকার ফরিদ আলম ওরফে দারোয়ান ফরিদের ছেলে। তিনি এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরে পুলিশ লাশটি শনাক্ত করে। ঘটনাস্থল থেকে ২শ' পিস ইয়াবা ও একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, 'নিহত ব্যক্তি শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও সন্ত্রাসী। ধারণা করা হচ্ছে, তাদের অভ্যন্তরীণ আধিপত্য নিয়ে সংঘর্ষে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

ওসি ফরিদ উদ্দিন জানান, লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কক্সবাজার থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত