সাভারে পঞ্চম দিনেও শ্রমিক বিক্ষোভ, সংঘর্ষে আহত ২০

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১০:৫৮ এএম

সকল গ্রেডে সমহারে মজুরি বৃদ্ধির দাবিতে সাভারে ৫ম দিনের মতো বিক্ষোভ করেছে তৈরি পোশাক শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এসময় পুলিশসহ আহত হন অন্তত ৩০ জন শ্রমিক। বৃহস্পতিবার সকালে আশুলিয়ার জামগড়ার ছয়তলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারে বিভিন্ন পোশাক কারখানার সামনে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শিল্প পুলিশ ও শ্রমিকরা জানায়, সকালে মজুরি বৈষম্যের অভিযোগ তুলে অবিলম্বে অপারেটরদের বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেন। এ সময় সাভারের আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে এ সময় পুলিশসহ আহত হন অন্তত ৩০ জন শ্রমিক। শ্রমিকরা আশপাশে অবস্থান নিয়েছে। থমথমে অবস্থা বিরাজ করছে গোটা এলাকায়। আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে বেশ কয়েকটি পোশাক কারখানা।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, সাভার এলাকার পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করলেও আশুলিয়ায় কিছু কিছু জায়গায় একটু সমস্যা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি পোশাক কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রয়েছে পুলিশের জলকামানসহ সাঁজোয়া যানবাহন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত