শরীয়তপু‌রে পু‌লি‌শের সঙ্গে ‘বন্দুকযু‌দ্ধে’ নিহত ২

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১০:৪৯ এএম

শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের দেওভোগ গ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ৪জন পুলিশ সদস্য আহত হয়েছে।

পুলিশের দাবি, নিহতরা ডাকাত দলের সদস্য।

নিহতরা হ‌লেন- মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সূর্যমনি গ্রামের সেকান্দার আলী আক‌নের ছেলে জাহাঙ্গীর আকন (৪০) এবং রাজৈর উপজেলার বা‌সিন্দা আরশাদ আলী হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (৩২)।

পালং মডেল থানা পুলিশ সূত্রে জানা গে‌ছে, শরীয়তপুর সদর উপজেলার দেওভোগ গ্রামে ডাকাতি করার উদ্দেশ্যে একদল ডাকাত জড়ো হচ্ছিল। এমন খবর পেয়ে শরীয়তপুরের ডিবি পুলিশ এবং পালং মডেল থানার পুলিশ যৌথভাবে সেখানে যায়। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা। পরে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাতরা পিছু হটলে জাহাঙ্গীর ও রা‌সেল‌কে পড়ে থাকতে দেখে পুলিশ। তা‌দের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতা‌লের মর্গে পাঠানো হয়েছে।

গোলাগু‌লি‌তে শরীয়তপুর ডিবি পুলিশের এএসআই সোহাগ, পালং মডেল থানার এসআই জহির, কনস্টেবল রাসেল এবং মো. মাসুম শেখ আহত হন।

পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আহত পু‌লিশ সদস্যদের শরীয়তপুর সদর হাসপাতালে থেকে চিকিৎসা দেওয়া হয়েছে।         

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত