জাতীয় ঐক্যফ্রন্টের পুনঃনির্বাচনের দাবিকে অসাংবিধানিক এবং অযৌক্তিক বলে আখ্যায়িত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার রাজধানীর বেইলি রোডে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা আয়োজিত অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
আইনমন্ত্রী বলেন, ঐক্যফ্রন্টের পক্ষ থেকে পুনরায় নির্বাচনের দাবি মোটেও সাংবিধানিক নয়, এই দাবি অত্যন্ত অযৌক্তিক। জনগণ ভোট দিয়েছে তাই জনগণকে এভাবে অসম্মান করার কোনো অধিকার ঐক্যফ্রন্টের নেই।
নারীশিক্ষা নিয়ে হেফাজতে ইসলামের আমির আহমদ শফীর বক্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, শফী সাহেব একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। তাকে শ্রদ্ধাভরে বলতে চাই, তার এসব উক্তি দেশে যে ইতিবাচক উন্নয়ন হচ্ছে তার বিপরীতে যাবে। তাই এ ধরনের বক্তব্য পরিহার করলে ভালো হবে।
তিনি আরো বলেন, আল্লামা শফী যা বলেছেন সেটা তার ব্যক্তিগত অভিমত। ব্যক্তিগত অভিমত যার যার থাকতেই পারে। কিন্তু তার বক্তব্য বর্তমান সরকারের দেশ পরিচালনায় বা নীতির কোনো পরিবর্তন আনবে না।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার নারী অধিকারের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। সেটা আরও দৃঢ় হবে এবং আরো এগিয়ে যাবে। এটাই এই সরকারের নীতি ও বিশ্বাস।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সাবেক পরিচালক জাফরুল হাসানের বিদায় অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, জনগণের কাছে আইনি সেবা পৌঁছে দিতে না পারলে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কোনো মূল্য থাকবে না। তাই আইনি সহায়তা কার্যক্রম জোরদার করার জন্য সংস্থাকে শক্তিশালী করতে হবে।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক বিকাশ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্ম সচিব গোলাম সারওয়ারসহ দাতা সংস্থার প্রতিনিধিরা বক্তব্য দেন।
