কুমিল্লা জেলার দেবিদ্বারে জয় চন্দ্র ঘোষ (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলার নবিয়াবাদ ইউনিয়নের বরকামতা গ্রামের কালি মন্দিরের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নবিয়াবাদ গ্রামের অমর চন্দ্র ঘোষের ছেলে জয় চন্দ্র ৯ জানুয়ারি সকাল ১০টায় বাড়ি থেকে নিখোঁজ হয়। তিনি চান্দিনা পাইলট স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় গত ১৪ জানুয়ারি দেবিদ্বার থানায় জিডি করা হয়। বুধবার সকাল সোয়া ৮টায় বরকামতা কালি মন্দিরের পাশে জয় চন্দ্রের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল আনোয়ার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
