গাড়ির ভেতরে টানা শব্দ ও চেঁচামেচি করে যাওয়ায় বিরক্ত হয়ে প্রেমিকার সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে মেরে ফেলল এক তরুণ।
ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর মঙ্গলবার জানায়, আলফি ল্যাম্ব নামে ছেলেশিশুটি গাড়ির পেছনে সিটের ফাঁকা জায়গায় দাঁড়িয়ে জোরে জোরে শব্দ করে যাচ্ছিল।
এতে বিরক্ত হয়ে সামনের সিটে বসা ২৫ বছর বয়সী স্টিফেন ওয়াটার্সন ইলেকট্রিক সিট দিয়ে চাপা দেন শিশুটিকে। তিন দিন পর গুরুতর আহত আলফি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।
প্রসিকিউটর ডানকান অ্যাটকিনসন বলেন, শিশুটি গাড়ির পেছনে গাদাগাদি অবস্থায় ছিল। ফলে সিটের চাপা খেয়ে চরম শ্বাসরোধ পরিস্থিতি সৃষ্টি হয় তার।
তার দাবি, শিশুটির মা অ্যাড্রিয়ান হোয়ারের (২৩) প্রেমিক স্টিফেন ওয়াটার্সই তাকে গাড়ির সিট চাপা দিয়ে হত্যা করেছে।
গত বছরের ফেব্রুয়ারিতে সাউথ লন্ডনের ক্রয়ডনে এ ঘটনা ঘটে। গাড়িটিতে চারজন যাত্রী ছিলেন। শিশুটির মায়ের সঙ্গে ছিলেন আরেকজন মা-ও।
সোমবার সাউথ লন্ডনের একটি আদালতে এ ঘটনার শুনানি অনুষ্ঠিত হয়। এতে শিশুটিকে হত্যার অভিযোগ আনা হয়েছে তার মা ও প্রেমিক স্টিফেনের বিরুদ্ধে। যদিও মা অ্যাড্রিয়েন নিজেকে নির্দোষ দাবি করে এর জন্য গাড়িতে থাকা প্রেমিকসহ অন্যদের দায়ী করেছে।
