তরুণ পরিচালক বিজন ইমতিয়াজের হাত ধরে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অভিষেক হচ্ছে বাংলাদেশের। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসবের বার্লিনাল কো-প্রোডাকশন মার্কেটে এ বছর বাংলাদেশের ছবি ‘প্যারাডাইস’ জায়গা পেয়েছে।
দেশের সিনেমা ইতিহাসে বার্লিনাল কো-প্রোডাকশনে আগে কোনো সিনেমা নির্বাচিত হয়নি। ইতিহাস গড়তে পারায় পরিচালক বিজন বেশ উচ্ছ্বসিত। ফেসবুকে তিনি লিখেছেন, ‘প্রথমবারের মতো সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবো এটা ভাবতেই গাঁয়ে কাঁটা দিচ্ছে। আজীবনের কৃতজ্ঞতা যারা এই কঠিন যাত্রায় আমাদের পাশে ছিলেন, সামনের যাত্রা আরও কঠিন, আশা করি আপনাদের পাশে পাবো!’
প্রযোজক আরিফুর রহমান এবং পরিচালক বিজনের প্রথম ছবি ছিল ‘মাটির প্রজার দেশে’। তাদের এই ছবিটি বেশ প্রশংসিত হয়। এরপর তাদের ‘প্যারাডাইস’ সিনেমাটির সঙ্গে যুক্ত হয় বিশ্বখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান ‘রাজোর ফিল্মস’। ‘রাজোর ফিল্মস’ মূলত জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান। দেশের গুপী বাঘা প্রোডাকশনসের ব্যানারে আরিফুর রহমান, রাজোর ফিল্মস-এর ব্যানারে প্রযোজক হিসেবে আছেন রোমান পল।
বার্লিন কো-প্রোডাকশন মার্কেটের ১৬তম আসরে সারা বিশ্ব থেকে এবার ৩৭টি সিনেমা প্রদর্শিত হবে। ৬৯তম বার্লিন চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে পাঁচ দিনের এই আসর শুরু হবে ৯ ফেব্রুয়ারি।
প্যারাডাইস নির্মিত হয়েছে মূল থেকে উৎখাত হওয়া তিনজন মানুষের গল্প নিয়ে। এদের একজন সেন্ট মার্টিন দ্বীপের এক মধ্যবয়স্ক বাসিন্দা, যার পূর্বপুরুষ এসেছিলেন এই দ্বীপে, অথচ তিন পুরুষ পরেও এখনো তার কোনো স্থায়ী ঠিকানা নেই। আরেকজন ১৬ বছরের একজন রোহিঙ্গা মেয়ে, যে মিয়ানমার সেনার আক্রমণে প্রাণ বাঁচাতে বাংলাদেশে এসেছে। তৃতীয়জন হলো ১২ বছরের একটি ছেলে, যে দ্বীপের মধ্যে বেড়ে উঠছে ভবিষ্যতের নিশ্চিত অনিশ্চয়তা নিয়ে।
