ওয়ার্নারের অর্ধশতকে সিলেটের সংগ্রহ ১৫৮

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ০৩:৫৭ পিএম

বিপিএল টি-টোয়েন্টিতে টানা দ্বিতীয় অর্ধশতকের দেখা পেয়েছেন ডেভিড ওয়ার্নার। তার ব্যাটিং নৈপুণ্যে নিজেদের ষষ্ঠ ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৮ উইকেটে ১৫৮ রানের সংগ্রহ পেয়েছে সিলেট সিক্সার্স।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার দিনের প্রথম ম্যাচে লিটন দাস ও সাব্বির রহমানের ওপেনিং জুটিতে ভালো শুরু পায় টসে জেতা সিলেট।

দলীয় ৩৮ রানে এই জুটিতে ফাটল ধরান সাকিব আল হাসান। তার বলে এলবিডব্লিউর শিকার হন ১৪ বলে চার ও এক ছক্কায় ২৭ রান করা লিটন। একই রানে আন্ড্রে রাসেলের বলে উইকেট ছাড়া হন ১১ রান করা সাব্বির।

তৃতীয় উইকেট জুটিতে আফিফ হোসেনের সঙ্গে ৪০ রানের জুটি গড়েন ওয়ার্নার। দলীয় ৭৮ রানে ১৯ রান করা আফিফ উইকেট ছাড়া হলেও একপ্রান্ত আগলে রাখেন সিলেট অধিনায়ক।

ধীরে ধীরে নিজেকে মেলে ধরেন ওয়ার্নার। ৩৭ বলে অর্ধশতক পূর্ণ করা অজি এই ব্যাটার উইকেট ছাড়া হন ১৯তম ওভারের পঞ্চম বলে। সাকিবের বলে কাভার অঞ্চলে মোহাম্মদ নাঈমের হাতে ক্যাচ দেওয়ার আগে ৪৩ বলে করেন ৬৩ রান। তার ইনিংসটিতে রয়েছে আট চার ও এক ছক্কা। আগের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৬১ রানে অপরাজিত ছিলেন ওয়ার্নার।

অন্যদের মধ্যে জাকের আলি ১৮ বলে এক চার ও এক ছক্কায় ২৫ রান করেন।

ঢাকার বোলারদের মধ্যে দক্ষিণ আফ্রিকান পেসার অ্যান্ড্র বির্চ চার ওভারে ৪২ রানে ৩ উইকেট নেন। অধিনায়ক সাকিব নেন ২ উইকেট। একটি করে উইকেট নেন আন্ড্রে রাসেল, সুনিল নারিন ও রুবেল হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত