জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির কর্মসূচি

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ০৬:২৯ পিএম

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী আগামীকাল শনিবার। এ উপলক্ষে দুই দিনের কর্মসূচি পালন করেছে দলটি।

১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার গাবতলীতে জন্মগ্রহণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। গত ১৭ জানুয়ারি জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

এদিকে জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার গণমাধ্যমে এক বাণী দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাণীতে মির্জা ফখরুল বলেছেন, ‘জাতির এ রকম এক চরম দুঃসময়ে ৭ নভেম্বর ১৯৭৫ সৈনিক জনতার ঐতিহাসিক বিপ্লবে শহীদ জিয়া ক্ষমতার হাল ধরেন। ক্ষমতায় এসেই তিনি বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করেন। শহীদ জিয়ার জন্মদিনে তার প্রদর্শিত পথেই আমরা আধিপত্যবাদের থাবা থেকে মুক্ত হব ও গণতন্ত্র ফিরে পাব। আর এর জন্য সর্বশক্তি দিয়ে ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বৈরাচারের কারাগার থেকে মুক্ত করতে হবে।’

কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সুপ্রিম কোট বার অডিটোরিয়ামে বিএনপি’র উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টায় শেরেবাংলা নগরে জিয়ার মাজারে দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। পরে জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করবে বিএনপির অঙ্গ সংগঠন ওলামা দল।

এ ছাড়া শনিবার ঢাকাসহ দেশের প্রতিটি বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। জন্মবার্ষিকী উপলক্ষে ইতিমধ্যেই পোস্টার প্রকাশ করা হয়েছে। গণমাধ্যমে ক্রোড়পত্র প্রকাশ করবে দলটি। অনুরূপভাবে সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভাসহ বিভিন্ন ইউনিটে যথাযোগ্য মর্যাদায় জিয়ার জন্মবার্ষিকী পালন করাবে বিএনপি।

এর বাইরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করবে।

জিয়াউর রহমানের ডাক নাম কমল। ১৯৭১ সালে ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে তিনি স্বাধীনতার ঘোষণা করেন। ১৯৭৫ সালের সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে আবারও আলোচনায় আসেন জিয়াউর রহমান। নানা পটপরিবর্তনের একপর্যায়ে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। জিয়ার মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়া দলের হাল ধরেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত