যৌথ প্রযোজনার পক্ষে ফিরছেন তারকারা

রিয়াজ, ফেরদৌস, পপিসহ অনেকেই ভুল বুঝতে পেরেছে: আজিজ

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ০৬:৩৯ পিএম

যৌথ প্রযোজনা ইস্যুতে আবারও সরগরম হয়ে উঠছে ঢালিউড। ১৯ জানুয়ারি নায়ক বাপ্পি চৌধুরীর প্রকাশ্যে ক্ষমা চেয়ে যৌথ প্রযোজনার ছবির পক্ষে ফেরার পর থেকে এই বিষয়টি আবারও আলোচনার টেবিলে উঠে। যৌথ প্রযোজনায় সবচেয়ে বেশি ছবি নির্মাণ করা প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের কাছে ক্ষমা চান বাপ্পি। আব্দুল আজিজও বাপ্পিকে ক্ষমা করে দিয়েছেন বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন।

বাপ্পি চৌধুরীর ভুল বোঝা প্রসঙ্গে কথা বলতে গিয়ে আব্দুল আজিজ বলেন, ‘শুধু বাপ্পি নয়, রিয়াজ, ফেরদৌস, পপিসহ আরও অনেকে আমাকে তাদের ভুল বোঝার কথা বলেছেন। পারসোনালি সরি বলেছেন। আমিও তাদের বলেছি এসব আমি মনে রাখতে  চাই না। আমিও তাদের ক্ষমা করে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমরা একই পরিবারের লোক। আমি চাই সবার সঙ্গে কাজ করতে। তারাও আমাদের সঙ্গে কাজ করতে চাচ্ছেন। আশা করি ভবিষ্যতে ভালো কিছু হতে যাচ্ছে।’

উল্লেখ্য, ২০১৭ সালের ১৮ জুন যৌথ প্রযোজনার নামে ‘প্রতারণা’ বন্ধের দাবি জানিয়ে ১৮ সংগঠনের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ চলচ্চিত্র পরিবার’এর ব্যানারে- মাঠে নামেন বাংলাদেশের অভিনয়শিল্পী, পরিচালক, প্রযোজক ও কলাকুশলীরা। বর্তমান সংসদ সদস্য চিত্রনায়ক ফারুকের নেতৃত্বে সেই আন্দোলনে বাপ্পি সাইমনসহ জনপ্রিয় তারকারা অংশ নেন।

যৌথ প্রযোজনায় সবচেয়ে বেশি ছবি নির্মাণ  করেছে  জাজ মাল্টিমিডিয়া। ফলে এই আন্দোলন মূলত জাজের বিরুদ্ধেই ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত