১৪ দলের বিজয়ী প্রার্থীদেরও বিরোধী হওয়ার আহ্বান জাতীয় পার্টির

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ০৯:২৯ পিএম

একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী ১৪ দলের প্রার্থীদেরও বিরোধী দলের ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা শনিবার এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, ১৪ দলের প্রার্থীরা বিরোধী দলে এলে সংসদ আরো প্রাণবন্ত হবে।

শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এ অনির্ধারিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

সেখানে মসিউর রহমান রাঙ্গা ১৪ দলের সংসদ সদস্যদের আগাম স্বাগত জানিয়ে বলেছেন, আমরা সম্মিলিতভাবে দেশ ও দশের মানুষের পক্ষে কথা বলে সংসদকে কার্যকর করে তুলব।

তিনি বলেছেন, ইতিমধ্যেই জাতীয় পার্টির সংসদ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে বুদ্ধদেব বসু মাত্র একজনই বিরোধী দলের ভূমিকায় ছিলেন।

তিনি আরো বলেছেন, স্বাধীনতার পর ৭৩ সালের নির্বাচনেও স্বল্পসংখ্যক বিরোধী দলের সদস্য সংসদকে জমিয়ে রেখেছিল। আর বর্তমান সংসদে জাতীয় পার্টির ২২ সংসদ সদস্য ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, ভাইস চেয়ারম্যান আলমগীর সিকদার লোটন, যুগ্ম মহাসচিব মোস্তাকুর রহমান মোস্তাক, ফখরুল আহসান শাহাজাদা, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত