উপজেলা নির্বাচন-২০১৯

চাঁপাইনবাবগঞ্জে আ. লীগের প্রার্থী হতে হিড়িক

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ০১:১৯ এএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী হতে এবার আওয়ামী লীগের অনেক নেতা দলীয় ফোরামে আবেদন করেছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় সিনিয়র নেতাদের পাশাপাশি অনেক তরুণ নেতাও আবেদন করেছেন।
দলীয় সূত্র জানিয়েছে, উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলা আওয়ামী লীগ দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য ১৮ জানুয়ারির মধ্যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করে। দলীয় এই সিদ্ধান্তের ফলে প্রার্থী হতে আগ্রহী নেতারা বেশ তৎপর হয়ে ওঠেন। শুরু করেন নেতাকর্মীদের সঙ্গে ‘শুভেচ্ছা’ বিনিময়সহ সিনিয়র নেতাদের ‘আশীর্বাদ’ নেওয়া। সূত্র জানায়, আবেদন গ্রহণের শেষদিন গত শুক্রবার রাত ৮টা পর্যন্ত চেয়ারম্যান পদের বিপরীতে প্রার্থী হতে আবেদন করেছেন সাতজন। এরা হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়াউর রহমান তোতা, বর্তমান ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, জেলা পরিষদের সদস্য আবদুল হাকিম ও যুবলীগ নেতা মাসুদ রানা।
ভাইস চেয়ারম্যান পদে দলের সমর্থন পেতে আবেদন করেছেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন, শাহেন শাহ আকবর, যুবলীগ নেতা আব্দুল মতিন, তসিকুল আলম বকুল, শাহনেওয়াজ দুলাল, জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি শাহ জালাল শাহীন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মসফিকুর রহমান টিটো, সাবেক ছাত্রনেতা মনির হোসেন বকুল, মুন্সী নজরুল ইসলাম সুজন, আনিকুল ইসলাম অনিক, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লেনিন প্রামাণিক, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কৌশিক আহম্মেদ, আওয়ামী লীগ নেতা তাজিবুর রহমান, সৈয়দ লিয়াকত আলী লিটন, আবদুল গনি।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলের সমর্থন চান জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফা খাতুন বেবী, যুব মহিলা লীগের নেত্রী তাসনিমা আনোয়ার কলি, মহিলা আওয়ামী লীগের নেত্রী মাতুয়ারা খাতুন ও নাসরিন পারভিন।

মনোনয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক ও চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলম বলেন, এবার তরুণ মুখের উপস্থিতি বেশি। শিগগিরই দলীয় মনোনয়ন যাচাই বাছাই কমিটি বৈঠকে বসে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত