বৈধ কাগজপত্র না থাকায় ভারতে ধরা পড়া ২১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদের মধ্যে দুজন নারী। গতকাল রবিবার দুপুরে সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুতারকান্দি সীমান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে তাদের হস্তান্তর করে বিএসএফ।
বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর দেশ রূপান্তরকে বলেন, এই ২১ জনকে ভারতীয় পুলিশ বিভিন্ন সময়ে আটক করেছিল। এদের মধ্যে অনেকে সে দেশে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে সাজাও ভোগ করেছেন। শিলচর ডিটেনশন ক্যাম্প থেকে তাদের বিএসএফের মাধ্যমে ফেরত পাঠানো হয়। এর আগে বিজিবির সঙ্গে বিএসএফ আলোচনা করে ফেরত পাঠানোর বিস্তারিত প্রক্রিয়া চূড়ান্ত করে।
ফেরত পাঠানোদের বাড়ি সিলেট, কিশোরগঞ্জ ও ঢাকা জেলায় এবং তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে বলেও জানান ওসি অবনী শংকর।
