পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ওআইসি মহাসচিব ড. ইউসেফ বিন আহমাদ আল-ওসাইমিন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান ও সার্বিয়ার প্রধানমন্ত্রী মিজ আনা ব্রানাবিচ।
গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওআইসি মহাসচিব বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শান্তি, উন্নয়ন ও অগ্রগতির পথে অগ্রযাত্রা অব্যাহত রাখবে। ওআইসি মহাসচিব গতকাল জেদ্দায় ওআইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে তার সূচনা বক্তব্যে এ অভিনন্দন জানান। চলতি বছরের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের ৪৬তম কাউন্সিলের (সিএফএম) প্রস্তুতির লক্ষ্যে এ বৈঠক হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিনন্দন বার্তায় তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশের বন্ধু ও ভ্রাতৃপ্রতিম জনগণের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। অভিনন্দন বার্তায় সার্বিয়ার প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দুদেশের জনগণের স্বার্থে দুদেশের মধ্যকার সম্পর্ক বৃদ্ধি পাবে।
