বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে ছিনতাইকারী’ গুলিবিদ্ধ

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১১:৪৬ এএম

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জুয়েল ফকির (৩৮) নামের ছিনতাইকারীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ। তিনি ওই উপজেলার বিহার পশ্চিমপাড়ার মৃত আয়েজ ফকিরের ছেলে।

সোমবার সকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১০ জানুয়ারি শিবগঞ্জে মসলা গবেষণা কেন্দ্রের সামনে থেকে এক ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ মামলায় আটক ইয়াছিন আলী নামে এক আসামি গত রোববার (২০ জানুয়ারি) ছিনতাইয়ের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

অতিরিক্ত পুলিশ সুপার তার দেওয়া তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল রোববার দিবাগত রাত ১টার দিকে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও লুণ্ঠিত টাকা উদ্ধারে শিবগঞ্জ উপজেলার বিহার পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়।

সেখানে জনৈক হাফিজারের বাড়ির কাছে পৌঁছালে আগে থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়।

পুলিশের পক্ষ থেকে ১২ রাউন্ড শটগানের গুলি ছোড়া হয়। এতে ডাকাতদল ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা জুয়েলকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান  ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গুলিবিদ্ধ অবস্থায় জুয়েলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শমিমেক) হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে পুলিশি পাহারায় তিনি চিকিৎসাধীন। জুয়েল ওই ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারও করেছেন। পরে স্বীকারোক্তি মোতাবেক তার বাড়ি থেকে লুণ্ঠিত ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়। 

এ ঘটনায় আহত ডিবি পুলিশের কনস্টেবল আছমত আলীকে উদ্ধার করে জেলা পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে উল্লেখ করেন অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত