প্রতি বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মসূচি

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ০৮:২০ পিএম

দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতি বৃহস্পতিবার পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করবে কর্তৃপক্ষ। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।  

বৃহস্পতিবার এ ব্যাপারে আদেশ জারি করা হবে।  আগামী ৩০ জানুয়ারি থেকে বছরজুড়ে চলবে এ কর্মসূচি।

বৈঠক শেষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বলেছেন, ‘উন্নত শিক্ষার জন্য সুন্দর পরিবেশ, শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতন করে গড়ে তোলা এবং শিক্ষার্থীদের শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার লক্ষ্যে এই কর্মসূচি পরিচালিত হবে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে।’

তিনি জানিয়েছেন, কর্মসূচি শুরু করতে ঝাড়ু, বালতি বা অন্যান্য সরঞ্জাম এ সময়ের মধ্যে প্রস্তুত করবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অপরিচ্ছন্ন থাকে এমন অভিযোগ পুরনো। বারবার অভিযোগ উঠলেও গুরুত্ব দেয় না বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। কয়েক মাস আগে রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের টয়লেট পরিষ্কার নেই—  এমন অভিযোগ ওঠার পর তা পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত রাখতে নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত