দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার অ্যান্ডিল ফেলুকায়োর উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। তাতে তিনি রেহাই পাচ্ছেন না বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার তদন্তে নেমেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
ডারবানে মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করতে থাকা ফেলুকায়োকে উর্দু ভাষায় ‘কালো’ তথা কৃষ্ণাঙ্গ বলে কিছু একটা বলেন সরফরাজ। পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যানের এই মন্তব্য ধরা পড়ে স্টাম্প মাইক্রোফোনে। সঙ্গে সঙ্গে আলোড়ন পড়ে যায় ক্রিকেটমহলে।
সরফরাজের এমন মন্তব্যে বুধবার রাতে এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু বর্ণবৈষম্য নিয়ে সবসময়ই আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডের অবস্থান শক্ত। পরিস্থিতির গুরুত্ব বুঝে নিজেই ক্ষমা চাইলেন সরফরাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, কাউকে অসম্মান করার উদ্দেশ্য ছিল না তার।
“আমার হতাশার বহিঃপ্রকাশে যাঁরা কষ্ট পেয়েছেন, তাঁদের সবার কাছে মন থেকে ক্ষমা চাইছি। দুর্ভাগ্যজনকভাবে স্টাম্প মাইক্রোফোনে তা রেকর্ড হয়ে গিয়েছে। যদিও চাইনি আমার কথা কেউ শুনতে পাক বা কেউ বুঝতে পারুক, কিংবা বিপক্ষ দল ও সমর্থকদের কাছে পৌঁছে যাক। বিশ্বের নানা প্রান্তের সতীর্থ ক্রিকেটারদের অতীতে সম্মান ও শ্রদ্ধা জানিয়ে এসেছি। ভবিষ্যতেও তা করব।”
দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজার মোহাম্মেদ মোসাজি জানিয়েছেন, এই ঘটনা নজরে পড়েছে। আইসিসি ও ম্যাচ অফিসিয়াসরা এই ঘটনার সম্পর্কে অবহিত আছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আইসিসি।
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় ওয়ানডে শুক্রবার। এর মধ্যে আইসিসি কোনও সিদ্ধান্ত নেয় কিনা, সেটাই এখন দেখার অপেক্ষা। পাঁচ ম্যাচের চলতি ওয়ানডে সিরিজে একটি করে ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
