নোয়াখালীর কবিরহাট উপজেলায় দলবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূকে আইনি ও আর্থিক সহায়তা দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
শুক্রবার নোয়াখালীর একটি হাসপাতালে ওই নারীকে দেখার পর আইনজীবী সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মওদুদ।
মওদুদ আহমদ অভিযোগ করেন, ‘মামলার প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির পরও চিকিৎসকদের রাজনৈতিকভাবে প্রভাবিত করে ধর্ষণের আলামত পাওয়া যায়নি উল্লেখ করে মেডিকেল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এটি মেডিকেল প্রতিবেদন নয়, রাজনৈতিক প্রতিবেদন।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এই নির্বাচনের পর দেশের রাজনীতিতে বিরাট শূন্যতা সৃষ্টি হয়েছে। এই অবস্থায় সরকারই সরকারের বিরোধী দলের ভূমিকা পালন করবে। যার কারণে সরকারের পতন হবে।’
এ সময় দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান উপস্থিত ছিলেন।
