যবিপ্রবিতে অচলাবস্থা নিরসন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ০১:২৯ এএম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অচলাবস্থার অবসান ঘটেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীসহ যশোরের চার সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতাদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় সভার পর অচলাবস্থা নিরসনে সবাই একমত হয়েছেন।  গত বৃহস্পতিবার বিকেলে সভা শুরু হয়। রাত ৮টার দিকে সভা শেষ হওয়ার পর উপাচার্য ড. আনোয়ার হোসেন বর্তমান পরিস্থিতি নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন।

সভায় আগামীকাল রবিবারের মধ্যে শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে এ পরিস্থিতির সন্তোষজনক উন্নতি না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভেতরে সভা-মিছিল-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়। সাম্প্রতিক অচলাবস্থার কারণে প্রতিষ্ঠার পর এ বছরই প্রথম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হলো না। গতকাল ২৫ জানুয়ারি ছিল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী। এ দিবসটি বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে উদযাপন করা হয়। উপাচার্য ড. আনোয়ার হোসেন বলেন, দিবসটি পরে অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হবে। বিশ্ববিদ্যালয়ে চলমান সংকটের পেছনে ছাত্রলীগের নেত্রী ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হুমায়রা আজমিরা এরিনকে দায়ী করেছেন উপাচার্য। এরিন বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষের র‌্যাগিংবিরোধী প্রচারের বিরোধিতা করতে গিয়ে এরিন ও তার সহযোগীরা শিষ্টাচার বহির্ভূত আচরণ করে। ফলে গত ৮ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে তিনি দাবি করেন। 

ড. আনোয়ার হোসেন বলেন, এ বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করে অরাজক পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে একটি গোষ্ঠী টেন্ডারবাজি, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য ও বিভিন্ন অনুষ্ঠানের জন্য বরাদ্দ অর্থ লোপাটের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি আরও বলেন, তারা এতটাই কুচক্রী যে, স্বার্থ হাসিলের জন্য তারা বঙ্গবন্ধুর আদর্শ ও প্রধানমন্ত্রীর নাম ভাঙাতেও পিছপা হয় না। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য শিক্ষকদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. নাজমুল হাসান আজ শনিবার সভা করে ক্লাসে ফিরে যাওয়ার বিষয়ে ইতিবাচক হবেন বলে মত দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত