রামগঞ্জে ঘুমন্ত ব্যবসায়ীকে কুপিয়ে জখম

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ০২:২০ পিএম

লক্ষ্মীপুরের রামগঞ্জে ডিস ব্যবসার বিরোধে ডিপার্টমেন্টাল ব্যবসায়ী আজাদ হোসেনকে (২২) কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ২টায় উপজেলার ১ নম্বর কাঞ্চনপুর ইউনিয়নের নবীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। বর্তমানে ব্যবসায়ী আজাদ হোসেন রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

আহত আজাদ হোসেনের বড় ভাই মো. রিপন হোসেন বলেন, একই এলাকার দিপক চন্দ্র কর ও আবদুল করীম নবীগঞ্জ এলাকায় ডিস সংযোগ দেওয়ার জন্য গত কয়েক মাস থেকে চেষ্টা চালায়।

আমি যেহেতু নবীগঞ্জ বাজারে কয়েক দশক ধরে ডিপার্টমেন্টাল ব্যবসা করে আসছি। সেহেতু আমি তাদেরকে জানাই এখানে আমি ডিস ব্যবসা করবো। এ নিয়ে গত কয়েক মাস থেকে চৌধুরী বাজারস্থ মূল ডিস ব্যবসায়ী রেজোয়ান রিজুর সঙ্গে আমাদের দ্বন্দ্ব চলে আসছে।

এরই ধারাবাহিকতায় আমার মালিকানাধীন নবীগঞ্জ বাজারের মেসার্স রিপন স্টোরের দরজা ভেঙে শুক্রবার গভীর রাতে  ঘুমন্ত অবস্থায় আমার ছোট ভাই আজাদ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়।

এ ব্যাপারে দিপক চন্দ্র কর বলেন, আজাদের ভাই রিপনের সাথে শুক্রবার সমাধানের কথা থাকলেও  অজ্ঞাত কারণে তা আর হয়নি। তবে আজাদের উপর কে বা কারা হামলা করেছে তা আমি জানি না।

চৌধুরী বাজারস্থ ডিস ব্যবসায়ী রিজোয়ান রিজু এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান।

স্থানীয় চেয়ারম্যান আবদুল করীম মাস্টার জানান, ডিস ব্যবসাকে কেন্দ্র করে এতবড় ঘটনা হওয়ার সম্ভাবনা কম। আমি নিজে বসে তাদের তিনজনকে একসঙ্গে ব্যবসা করার কথা জানালে তারা একমত হয়। আমি হামলার বিষয়টি জেনে একজন ইউপি সদস্যকে ঘটনাস্থলে পাঠিয়েছি।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. তোতা মিয়া বলেন, আমি ঘটনাটি শুনেছি। মূলত ডিস ব্যবসাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। তদন্ত করে প্রকৃত আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত