লক্ষ্মীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১২ বছরের কিশোর আটক

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম

লক্ষ্মীপুরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১২ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ। রবিবার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে জেলা সদরের লামছড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার রাতে ভুক্তভোগী শিশুটির বাবা-মা ও অন্য ভাইবোনেরা চিকিৎসার জন্য হাসপাতালে গেলে সে বাসায় একা ছিল। এ সুযোগে প্রতিবেশী ১২ বছর বয়সী কিশোর খেলাপোছায় শিশুটিকে নিজের বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এসে অভিযুক্ত কিশোরকে একটি কক্ষে আটকে রাখে। 

ঘটনার পরপরই ভুক্তভোগী শিশুটির বাবা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করে তাৎক্ষণিক পুলিশের সহায়তা চান। ৯৯৯-এর কলটেকার কনস্টেবল জান্নাতুল ফেরদৌস সোহাগী কলটি রিসিভ করে দ্রুত লক্ষ্মীপুর সদর থানায় বিষয়টি জানান এবং ব্যবস্থা নিতে বলেন। পুরো প্রক্রিয়াটিতে সংশ্লিষ্ট থানা ও কলারের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন পুলিশ ডিসপাচার এসআই জয়ন্ত চৌধুরী।

খবর পেয়ে লক্ষ্মীপুর সদর থানা-পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত কিশোরকে আটক করে থানায় নেওয়া হয়। একই সঙ্গে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত