ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে সহজেই জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টস জিতে আগে ব্যাট করা ইংলিশ যুব দল নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রানে থেমে যায়। জবাবে ৩ উইকেট হারিয়ে ১২৩ রান তুলে জয় নিশ্চিত করে স্বাগতিক যুব দল। ৭ উইকেটে জয়ের দিনে ৩০ রানে ৪ উইকেট নিয়ে তানজীব হাসান সাকিব ম্যাচসেরা হন।
শুরুতেই তানজীবের নৈপুণ্যে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। পাঁচ ওভারের মধ্যে ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। যার তিনটিই নেন তানজীব। এই ধাক্কা আর সামলাতে পারেনি সফরকারী যুবারা। পঞ্চম উইকেটে জর্জ হিল ও লুইস গোল্ডসওর্থি ৪৬ রানের জুটি গড়েন। হিল ৩৪ রানে বিদায় নিলে প্রতিরোধ থামে ইংলিশদের। নিচের সারির ব্যাটসম্যানরা কোনোক্রমে ১২০-এ নিয়ে যান দলের স্কোর।
জবাবে মাহমুদুল হাসানের ৪৪, মোহাম্মদ পারভেজ হোসেনের ৩৩ ও তানজীদ হাসানের ২৮ রানে ১৮.৫ ওবারে লক্ষ্য অতিক্রম করে বাংলাদেশ। দুই ওপেনার তানজীদ ও মাহমুদুল মিলে ৫০ রানের উদ্বোধনী জুটি গড়েন। দ্বিতীয় উইকেটে পারভেজকে নিয়ে ৪৬ রানের জুটিতে জয় নিশ্চিত করেন মাহমুদুল। শেষ পর্যন্ত শামীম হোসেন ৬ ও আকবর আলী ৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
