ফেনীতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে শহরের পাঠানবাড়ী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন দুইজনকে আটক করেছে। সোমবার দুপুরে মাটিকে পোঁতা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্বজনরা জানায়, রোববার রাত নয়টার দিকে আরাফাত হোসেন (১২) শহরের পাঠানবাড়ী এলাকার মোমিন জাহান মসজিদ সংলগ্ন বাসার সামনে থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে স্বজনরা পুলিশকে খবর দেয়।
পরে সোমবার দুপুরে একই এলাকার নির্মাণাধীন একটি বাসার পাশে মাটিতে পুঁতে রাখা অবস্থায় তার লাশ উদ্ধার করে।
নিহত আরাফাত শহরের পুলিশ লাইনস স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ও প্রবাসী জসিম উদ্দিনের ছেলে।
এদিকে খবর পেয়ে পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ আধুনিক ফেনী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ বলেন, রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
