সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ মাদুরোর

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ০২:৪৬ এএম

সেনাবাহিনীকে নিকট ভবিষ্যতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। পশ্চিমা দেশগুলোর হুমকি মোকাবিলায় আসন্ন সামরিক মহড়ার উদ্দেশ্যে গত রবিবার বেশ কয়েকটি সামরিক ঘাঁটি পরিদর্শনকালে এমন নির্দেশনা দেন মাদুরো।

ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে দেশটি। বিভিন্ন ঘাঁটি পরিদর্শনকালে মাদুরো সামরিক বাহিনীর ব্যবহৃত রুশ হার্ডওয়্যার, এন্টি এয়ারক্রাফট ফ্ল্যাক, পার্বত্য এলাকায় ট্যাংকের মহড়ার মতো সামরিক শক্তি পর্যবেক্ষণ করেন।

এদিকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে সতর্ক করে জানিয়েছে, আমেরিকান কূটনীতিক এবং বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদোর কোনো ক্ষতি হলে ওয়াশিংটন ভেনেজুয়েলার বিরুদ্ধে পদক্ষেপ নেবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পশ্চিমা দেশগুলো গুইদোকে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হিসেবে স্বীকৃতি দেওয়ার পরই যুক্তরাষ্ট্র এমন হুমকি দিয়েছে বলে জানায় বিবিসি।

মাদুরো যখন সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলছেন, তখন গুইদো সামরিক বাহিনীর সদস্যদের তার সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানান। যদিও সেনাবাহিনী এখন পর্যন্ত মাদুরো সরকারের প্রতিই তাদের সমর্থন অব্যাহত রেখেছে। সেনা সদস্যরা মাদুরো সরকারের পক্ষ ত্যাগ করলে তাদের ক্ষমা করে দেওয়া হবে বলেও জানান পশ্চিমা মদদপুষ্ট হুয়ান গুইদো।

কার্যত সেনাবাহিনী মাদুরো সরকারের নিয়ন্ত্রণে থাকলেও যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভেনেজুয়েলার শীর্ষ সামরিক প্রতিনিধি কর্নেল হোস লুইস মাদুরোর সরকারের পক্ষ ত্যাগ করেছেন। পক্ষত্যাগ করে তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে তিনি বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদোকে স্বীকার করে নিয়েছেন। চলমান রাজনৈতিক সংকটের মধ্যে প্রথম কোনো সেনা কর্মকর্তা হিসেবে প্রকাশ্যে পক্ষত্যাগের ঘোষণা দিলেন। ওয়াশিংটন দূতাবাসে ধারণকৃত এক ভিডিওতে কর্নেল সিলভা ভেনেজুয়েলায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানিয়েছেন। ‘সামরিক বাহিনীতে কর্মরত ভাইদের’ হুয়ান গুইদোকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে মেনে নেওয়ার আহ্বান জানান।

গত রবিবার বিভিন্ন সামরিক ঘাঁটি পরিদর্শন করে নিজের প্রতি সামরিক বাহিনীর আনুগত্যের জানান দিলেন নিকোলাস মাদুরো। বিশ্লেষকরা মনে করেন, দেশটির সামরিক বাহিনী যেদিকে দাঁড়াবে, ক্ষমতার পাল্লা সেদিকেই হেলে পড়বে।

গুইদো ট্রাম্পের কট্টরপন্থি উপদেষ্টাদের মাধ্যমে পরিচালিত হয়ে একটি ক্যুয়ে অংশ নিচ্ছেন বলে অভিযোগ করেছেন মাদুরো। তিনি বলেন, ‘কেউ দুর্বল, কাপুরুষ, বিশ্বাসঘাতকদের শ্রদ্ধা করে না। এই বিশ্ব সাহসী, নির্ভীক, শক্তিকে শ্রদ্ধা করে। এই পবিত্র মাটিতে কারও পা ফেলার চিন্তাও করা উচিত না। ভেনেজুয়েলা শান্তি চায়। শান্তির নিশ্চয়তা দিতে আমাদের প্রস্তুত হতে হবে।’

চলতি বছরের ২৩ জানুয়ারি নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন দেশটির হুয়ান গুইদো। এখনো পর্যন্ত সামরিক বাহিনীর সমর্থন না পেলেও যুক্তরাষ্ট্র এবং দেশটির বলয়ে থাকা একাধিক প্রভাবশালী রাষ্ট্রের সমর্থন পেয়েছেন ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট জুয়ান গুইদো। রবিবার যুক্তরাষ্ট্রের দুই মিত্র ইসরায়েল ও অস্ট্রেলিয়ার পক্ষ থেকে তার প্রতি সমর্থন জানানো হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান নিকোলাস মাদুরোকে বলেছেন, ‘ভাই মাদুরো, আত্মবিশ্বাস রাখুন, তুরস্ক আপনার সঙ্গে আছে।’ বলিভিয়ার প্রেসিডেন্ট হুয়ান ইভো মোরালেস বলেছেন, দক্ষিণ আমেরিকা আর যুক্তরাষ্ট্রের আঙিনায় পরিণত হবে না। সূত্র : এএফপি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত