বরিশালে ভুয়া প্রশ্নপত্র সরবরাহকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৮। এ সময় তাদের কাছ থেকে কম্পিউটার, মুঠোফোন, সিমকার্ডসহ নানা সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
মঙ্গলবার বেলা ১১টায় বরিশাল মহানগরের রূপাতলী সংস্থার সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সজিবুল ইসলাম। সোমবার গভীর রাতে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার ঢাকপার গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন গোপালগঞ্জ জেলার ঢাকপার গ্রামের মো. ওহাব শেখের ছেলে মো. তারিকুল ইসলাম, ভাপুরি গ্রামের গোঞ্জর শেখের ছেলে মো. লিমন। তারিকুল ইসলাম মৌলভি আব্দুল হাই মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে এবং লিমন সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষার্থী।
র্যাবের উপ-অধিনায়ক মেজর সজিবুল ইসলাম বলেন, আটককৃতরা তাদের নামে ভুয়া ফেসবুক আইডি ও পেজ খুলে পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসিসহ সকল পরীক্ষার হেল্প লাইন নামে একটি স্ট্যাটাস দেয়। তাদের দেওয়া স্ট্যাটাসে প্রলোভিত হয়ে অনেক সুযোগ সন্ধানী শিক্ষার্থীরা মোটা অঙ্কের টাকার বিনিময় কথিত প্রশ্নপত্র কিনতে উদ্বুদ্ধ হয়। এভাবে তারা বিভিন্ন শিক্ষার্থীদের কাছ থেকে বিকাশসহ বিভিন্ন পন্থায় বিভিন্ন সময়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়। র্যাবের জিজ্ঞাসাবাদে আটক ২জন ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করার কথা স্বীকার করেছে এমন তথ্যও জানানো হয় সংবাদ সম্মেলনে।
আটক ২জনকে গতকাল মকসুদপুর থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।
