সাকিব-পারভেজে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশ

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১১:২৮ পিএম

বল হাতে দারুণ পারফরম্যান্স দেখালেন তানজিম হাসান সাকিব। ব্যাট হাতে আলো কাড়লেন পারভেজ হোসেন ইমন। রান পেলেন প্রান্তিক নওরোজ নাবিল। এই তিনের নৈপুণ্যে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে সহজেই হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

মঙ্গলবার তিন ম্যাচের যুব ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশ ৫ উইকেটে হারায় ইংল্যান্ডকে। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৭ উইকেটে ২০৯ রান করেছিল ইংল্যান্ড যুবারা। জবাবে ৪.২ ওভার হাতে রেখেই ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

২১০ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৫ রানে তানজিম হাসান ফেরেন। এরপর ৮২ রানের জুটি গড়েন প্রান্তিক নওরোজ নাবিল ও পারভেজ হোসেন ইমন। নাবিল ৪৮ করে আউট হন। এরপর ইমন ও মাহমুদুল হাসান জুটি যোগ করেন আরও ৮২ রান। মাহমুদুল ৩৩ করে ফিরে যান। ইমন আউট হন দলীয় সর্বোচ্চ ৮০ রানে।

এরপর শামীম হোসেন ১১ রানে আউট হলেও দুই অপরাজিত ব্যাটসম্যান আকবর আলী (১০) ও মৃত্যুঞ্জয় চৌধুরী (৫) বাংলাদেশকে ম্যাচ জেতান ইনিংসের ২৬ বল বাকি থাকতে।

এর আগে বাংলাদেশের যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ উইকেটে ২০৯ রানে থামে সফরকারীদের ইনিংস। লুইস গোল্ডসওর্থি সর্বোচ্চ ৬১ রান করেন। বাংলাদেশের তানজিম হাসান সাকিব ৪৭ রানে ৩ ও রাকিবুল হাসান ৪১ রানে ২ উইকেট নেন।

ম্যাচ সেরা হয়েছেন পারভেজ হোসেন ইমন। একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডে বৃহস্পতিবার।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২০৯/৭ (চার্লসওয়ার্থ ২৬, গোল্ডসওয়ার্দি ৬১, হলম্যান ৩৫*; সাকিব ৩/৪৭, রাকিবুল ২/৪১)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৫.৪ ওভারে ২১০/৫ (প্রান্তিক ৪৮, ইমন ৮০, মাহমুদুল ৩৩; ল্যামনবাই ১/১৭)।

ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: পারভেজ হোসেন ইমন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত