ঝালকাঠির কাঠালিয়ায় কীটনাশক পান করে হৃদয় মিস্ত্রী (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। বুধবার রাত ৭টার দিকে উপজেলার বলতলা গ্রামে এ ঘটনা ঘটে। মায়ের সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
হৃদয় বলতলা গ্রামের কৃষক নিরঞ্জন মিস্ত্রীর ছেলে। সে বলতলা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হৃদয় মুরগির কিছু ডিম বাচ্চা ফোটানোর জন্য রেখেছিল। সেই ডিম হৃদয়ের মা বিক্রি করে দেন। এ ঘটনায় মায়ের সঙ্গে অভিমান করে হৃদয় ঘরে থাকা কীটনাশক পান করে। পরিবারের লোকজন রাতেই তাকে পার্শ্ববর্তী ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বলেন, হৃদয়ের মৃতদেহ বৃহস্পতিবার সকালে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।
