প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে মেয়াদ বাড়ল খোকনের

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ০৯:৪৯ পিএম

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের জ্যেষ্ঠ প্রশিক্ষক কে এম শাখাওয়াত মুন। পাশাপাশি আরেক উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি আদেশে বৃহস্পতিবার শাখাওয়াত মুনকে নিয়োগ ও খোকনের চুক্তি বাড়ানো হয়।

বর্তমানে প্রেষণে বাংলাদেশ টেলিভিশনের নির্বাহী প্রযোজক (অনুষ্ঠান) হিসেবে কর্মরত এই কর্মকর্তাকে স্ব-বেতনে প্রেষণে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিয়োগ দেওয়া হয়।

অন্য আদেশে বলা হয়, আশরাফুল আলম আগের চুক্তির ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে কর্মরত থাকবেন। এর আগে ২০১৩ সালের ১৪ আগস্ট প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে আশরাফুল আলম খোকনকে নিয়োগ দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস অনুবিভাগে ইহসানুল করিম প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্বে আছেন। এই অনুবিভাগে বর্তমানে নয়জন কর্মরত আছেন, খালি আছে তিনটি পদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত