এসএসসি পরীক্ষা কেন্দ্রে অবৈধ প্রবেশের দায়ে দুইজনের সাজা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৫৬ পিএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এসএসসি পরীক্ষা কেন্দ্রে অবৈধভাবে প্রবেশের দায়ে দুই কথিত সাংবাদিককে এক মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার সরকারি কে এম কলেজের পরীক্ষা কেন্দ্রে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্তরা হলেন- হাজী সাইফুল্লাহ শামিম ও রবিউল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুকতাদিরুল আহমেদ জানান, এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথমপত্র চলাকালে কেন্দ্র সচিবের অনুমতি ছাড়া ও জোরপূর্বক কথিত দুই সাংবাদিক পরীক্ষা কক্ষে প্রবেশ করেন। এ সময় তাদের কাছে পরিচয়পত্র এবং পরীক্ষা কেন্দ্রে প্রবেশে অনুমতি বিষয়ে জানতে চাইলে তারা প্রমাণ দিতে ব্যর্থ হন।

তিনি বলেন, বিনা অনুমতিতে পরীক্ষা চলাকালে হল কক্ষে প্রবেশের দায়ে হাজী সাইফুল্লাহ শামিম ও রবিউল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত