দেশের সব বেসরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এবং ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ নিয়োগে সরকারি নিষেধাজ্ঞার সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ নিয়োগের ওপর সরকারের নিষেধাজ্ঞাও স্থগিত করেছে আদালত। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। এ আদেশের ফলে ভিকারুননিসায় অধ্যক্ষ নিয়োগে কোনো বাধা থাকল না বলে জানান আইনজীবীরা।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম। ইউনুছ আলী আকন্দ দেশ রূপান্তরকে জানান, আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ পাঁচজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ইউনুছ আলী বলেন, ‘ভিকারুননিসায় অধ্যক্ষ নিয়োগের ওপর সরকারের জারি করা নিষেধাজ্ঞা স্থগিত করেছে আদালত। এর ফলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ নিয়োগে আর কোনো বাধা থাকল না।’
