গরু জবাই করায় জাতীয় নিরাপত্তা আইনে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। দেশটির মধ্যপ্রদেশের খান্ডোয়াতে গো-হত্যার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।
এনডিটিভি জানায়, কংগ্রেস রাজ্য ক্ষমতায় আসার পর জাতীয় নিরাপত্তা আইনে এই প্রথম কোনো মামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটল। গ্রেপ্তারকৃতের মধ্যে দুজন পেশায় কসাই।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, শুক্রবার পুলিশের কাছে অভিযোগ আসে যে খান্ডোয়াতে গো-হত্যা করা হয়েছে। সেখানে দেহের অংশবিশেষ পাওয়া যায়।
এ সময় তিন অভিযুক্ত ব্যক্তি- নাদিম, শাকিল ও আজম পালিয়ে যান বলে। তবে সোমবারের মধ্যেই তিনজনকেই গ্রেপ্তার করা সম্ভব হয় বলে তিনি জানান।
এ তিনজনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন ছাড়াও গো-হত্যা নিষিদ্ধ আইনের ধারাতেও মামলা করা হয়েছে বলে পুলিশ জানায়।
জানা গেছে, নাদিম ও শাকিল দুজনেই ভাই। দুজনেরই পেশা কসাই। আর আজম চাষবাস করে জীবনধারণ করেন। নাদিমের বিরুদ্ধে এর আগেও গো-হত্যার অভিযোগ ছিল। ২০১৭ সালে ওই মামলায় তিনি জামিনে ছিলেন।
