গাজীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। রোববার সকাল সোয়া ১০টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা নামক স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছরের মধ্যে।
বাসন থানার ওসি মুক্তার হোসেন জানান, চান্দনা চৌরাস্তা থেকে নবীনগরগামী পলাশ পরিবহনের যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল আরোহী তিন যুবক মারা যান। এদের মধ্যে দুজন ঘটনাস্থলে, অপরজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
ওসি আরও জানান, নিহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় বাসের চালক ও সহকারীকে আটক এবং বাসটি জব্দ করা হয়েছে।
