রাজশাহীর গোদাগাড়ীতে মতিউর রহমান মতি (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার দ্বিগ্রাম এলাকা থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।
মতি গোদাগাড়ী পৌরসভার মাদারপুর এলাকার সৈয়দ আলীর ছেলে। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি।
গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, মঙ্গলবার সকালে উপজেলার দ্বিগ্রাম এলাকায় রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
ওসি জানান, মতির বুকে ও কপালে গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
ওসি জানান, মতি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় দ্রুত বিচার আইনে ২০০৬ সালের একটি মামলা রয়েছে।
