ভোলার দৌলতখানে দাখিল পরীক্ষার্থী ৫ ছাত্রীর ওপর হামলা করার অভিযোগে নলগোড়া শরীফবাড়ি মাধ্যমিক স্কুল প্রধান শিক্ষক যুবলীগ নেতা মো. মিজানুর রহমান শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ওই শিক্ষককে আদালতে হাজির করলে আদালত জামিন না মনজুর করে জেল হাজতে পাঠায়।
আহতদের মধ্যে শিক্ষার্থী ফারজানা বেগম, মনিরা বেগম ও ইজিবাইক চালক জামাল উদ্দিন ভোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবারের দাখিল পরীক্ষা শেষে ফেরার পথে ওই ঘটনার পর আজ মঙ্গলবার সকালে এলাকায় শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ করে অভিযুক্তে প্রধান শিক্ষক মিজানের শাস্তি দাবি করেন।
জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মৃধা মুজাহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম তদন্ত শুরু করেছেন। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সুপার মো. মোকতার হোসেন জানান, ঘটনার পর পরই খবর পেয়ে পুলিশ ছুটে গিয়েছে। মামলার পরেই প্রধান শিক্ষক মিজানকে গ্রেপ্তার করা হয়।
