নড়িয়া ও ভেদরগঞ্জের বিচ্ছিন্ন চরাঞ্চল

সাবমেরিন কেব্লে বিদ্যুৎ যাচ্ছে তিন ইউনিয়নে

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২৯ পিএম

শরীয়তপুর-২ আসনের সাংসদ এ কে এম এনামুল হক শামীম গত নির্বাচনের আগে কথা দিয়েছিলেন নির্বাচিত হতে পারলে শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চল নওপাড়া ও চরআত্রা ইউনিয়ন এবং ভেদরগঞ্জের কাঁচিকাটা ইউনিয়নে বিদ্যুৎ পৌঁছাবেন। ওই তিন ইউনিয়নে বসবাসকারী ৭০ হাজার মানুষ এখন আনন্দিত। কারণ পদ্মা ও মেঘনার বিশাল জলরাশিতে আবদ্ধ ওই সব চরাঞ্চলে সাবমেরিন কেব্লের মাধ্যমে বিদ্যুৎ যাচ্ছে। শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি ও স্থানীয় সূত্র জানায়, শরীয়তপুর ও মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে পানিসম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক শামীম সভা করে সিদ্ধান্ত নেন সাবমেরিন ক্যাবলের মাধ্যমে নদীর তলদেশ দিয়ে বিদ্যুতের লাইন নেওয়া হবে। পরে গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে এ বিষয়ে প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়। শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক সোহরাব আলী বিশ্বাস বলেন, পদ্মা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে শরীয়তপুরের তিনটি চরে বিদ্যুৎ নেওয়া হবে। ওই চরে একটি সাবস্টেশনও নির্মাণ করা হবে। মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক শফিউল আলম বলেন, শরীয়তপুরের পদ্মা নদীর মাঝের তিনটি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ করার কাজ শুরু হয়েছে। কোথায় কোথায় পুল বসবে তা নির্ধারণ করা হচ্ছে। শিগগিরই কাজ শুরু করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত