পাকিস্তানে কেন ‘টোটাল ধামাল’ মুক্তি দিচ্ছেন না অজয়

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৫৯ পিএম

পাকিস্তানে ‘টোটাল ধামাল’ মুক্তি পাবে না বলে জানিয়েছেন সিনেমাটির সিনেমার মূল অভিনেতা এবং অন্যতম প্রযোজক অজয় দেবগন। টুইটারে ঘোষণা দিয়ে তিনি এমন সিদ্ধান্তের কথা জানান।

এনডিটিভি জানায়, কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনাদের (সিআরপিএফ) নিহতের ঘটনার প্রতিবাদে বলিউড অভিনেতা অজয় এই সিদ্ধান্ত নিয়েছেন।

অজয় টুইটার বার্তায় লেখেন, “বর্তমানে যা পরিস্থিতি দেখছি তার প্রেক্ষিতে ‘টোটাল ধামাল' সিনেমার টিম সিদ্ধান্ত নিয়েছে যে, চলচ্চিত্রটি পাকিস্তানে মুক্তি পাবে না।” 

এদিকে সিনেমাটির আরেকজন অভিনেতা রীতেশ দেশমুখও টুইট করেছেন যে, “বর্তমান পরিস্থিতির বিচার করে এই চলচ্চিত্রটির পাকিস্তানে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

টোটাল ধামালে অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত, অনিল কাপুর, বোমান ইরানীও। আগামী ২২ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।

কাশ্মীরে পুলওয়ামাতে সংঘটিত ভয়াবহ এ হামলার জেরে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়েছে। 

ভারতের ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউসিই) রবিবার জানিয়েছে যে, নৃশংস এই হামলার পর পাকিস্তানে চলচ্চিত্র নির্মাতাদের নিজেদের চলচ্চিত্রের মুক্তির অনুমতি দেওয়া হবে না।

ভারতীয় মিউজিক কোম্পানিগুলিকে পাক-সঙ্গীত শিল্পীদের সঙ্গে কাজ করা থেকে বিরত থাকতে বলেছে মহারাষ্ট্রের প্রভাবশালী রাজনৈতিক দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা।

এদিকে টি-সিরিজ তাদের ইউটিউব চ্যানেল থেকে আতিফ আসলাম ও রাহাত ফতেহ আলি খানের গান মুছে ফেলেছে। যদিও অন্য ইউটিউব চ্যানেলে তাদের গান পাওয়া যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত