অবশেষে পয়েন্ট পেল মোহামেডান

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৫৫ এএম

মোহামেডান শিবিরে যেন ‘স্বস্তি’ ফিরল। টিম বিজেএমসিকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু করা মোহামেডান টানা চার ম্যাচে হেরেছে আরামবাগ, ব্রাদার্স, সাইফ এবং শেখ রাসেলের কাছে। টানা হারের এই রেকর্ড গড়ার পর গতকাল অবশেষে পয়েন্টের দেখা পেল একসময়ে প্রতাপশালী দলটি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল তারা গোলশূন্য ড্র করেছে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে। ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে স্বাগতিক আরামবাগ ১-০ গোলে হারিয়েছে নোফেল স্পোর্টিং ক্লাবকে।

৩৯ মিনিটে মোহামেডান সুযোগ নষ্ট করে এগিয়ে যাওয়ার। হাবিবুর রহমান সোহাগের ফ্রি-কিক বিপজ্জনক জায়গা থেকে হেড করে কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন চট্টগ্রাম আবাহনী ডিফেন্ডার অরূপ কুমার বৈদ্য। দ্বিতীয়ার্ধে মোহামেডানকে খানিকটা আক্রমণাত্মক খেলতে দেখা গেছে। ৮৪ মিনিটে বদলি ফরোয়ার্ড আমির হাকিম বাপ্পি বক্সের ঠিক ভেতর থেকে চিপ করেছিলেন। কিন্তু চট্টগ্রাম আবাহনী কিপার মোহাম্মদ নেহাল শেষ মুহূর্তে ফিস্ট করে পরে বল আয়ত্তে নেন দ্বিতীয় প্রচেষ্টায়।

এই ড্রয়ে ছয় ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে মোহামেডান আছে নবম স্থানে। আর চট্টগ্রাম আবাহনী সপ্তম স্থানে সাত ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে। ময়মনসিংহে দিনের অন্য ম্যাচে জয়ে ফিরেছে আরামবাগ। শেখ রাসেলের বিপক্ষে গত ম্যাচে ১-০ গোলে হারার পর কাল তারা নোফেলকে হারিয়েছে ক্যামেরুনের ফরোয়ার্ড পল এমিলের একমাত্র গোলে। ৩২ মিনিটে বামপ্রান্ত থেকে জাহিদ হোসেনের কর্নারে হেড করে গোলটি করেন এমিল। সপ্তম ম্যাচে এটি তাদের চতুর্থ জয়।

১২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পঞ্চমে। অন্যদিকে ছয় ম্যাচে ২ পয়েন্ট পাওয়া নোফেল তালিকার তলানিতেই থাকছে টিম বিজেএমসির সঙ্গে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত