স্বর্ণালংকার ছিনতাইয়ে ব্যর্থ হয়ে কলেজ শিক্ষিকার ঘাড়ে ছুরিকাঘাত

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৩৫ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় গলার স্বর্ণালংকার ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে এক কলেজ শিক্ষিকার ঘাড়ে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। বুধবার সন্ধ্যা ৭টায় কলাপাড়া পৌর শহরের মধ্য রহমতপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।

আহত নাসরিন সুলতানা (৩২) কুয়াকাটা খানাবাদ কলেজের প্রভাষক।

জানা গেছে, ওই কলেজ শিক্ষিকা বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় চার/পাঁচজন মুখোশধারী সশস্ত্র ছিনতাইকারী গলার স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। না পেরে একপর্যায়ে ঘাড়ের ওপর ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অচেতন অবস্থায় নাসরিন সুলতানাকে প্রথমে কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহত ওই কলেজ শিক্ষিকার নিকটাত্মীয় নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির মাহমুদ জানান, আহত নাসরিন সুলতানার স্বামী ফকরুল ইসলাম অন্য একটি কলেজের শিক্ষক। এ ঘটনায় তারা শঙ্কিত হয়ে পড়েছেন। 

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত