বরগুনায় অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাহেবের হাওলা রাফেজিয়া দাখিল মাদ্রাসার শরীর চর্চার শিক্ষক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার দুপুরে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে বরিশালের বাকেরগঞ্জ থানা এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে চেকপোস্ট দেখে দৌড়ে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৮ পটুয়াখালী-বরগুনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন বলেন, বরগুনা সদরের কেওড়াবুনিয়া এলাকার মাদ্রাসাসংলগ্ন বাসায় মেয়েটিকে গাইডবই দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করেন মাদ্রাসাশিক্ষক সাইফুল ইসলাম। বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও বলেন, সাইফুল ধূর্ত, বিচক্ষণ ও বুদ্ধিমান হওয়ায় বিভিন্ন সময় অবস্থান ও মোবাইল নম্বর পরিবর্তন করেন। এ কারণে তাকে তথ্যপ্রযুক্তির সহায়তায় আরও আগে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গত বুধবার দুপুরে এ ঘটনায় মেয়ের বাবা শিক্ষক সাইফুল, তার বাবা একই মাদ্রাসার শিক্ষক মো. ইব্রাহিম মাওলানা ও ভাইয়ের স্ত্রীকে আসামি করে মামলা করেছেন। অন্য আসামিদের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
