সরকারের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলে এই মূল্যবান প্রাণগুলো ঝড়ত না: মির্জা ফখরুল

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৩১ পিএম

চকবাজারে অগ্নিকাণ্ডে দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজে দেখেতে এসে বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল পুরান ঢাকার সব কেমিক্যাল কারখানাগুলো সরিয়ে ফেলা হবে এবং রাস্তাঘাট বড় করা হবে। তবে এ রকম কোনো ব্যবস্থা তারা নেয়নি। সরকার তাদের প্রতিশ্রুতি রক্ষা করলে এই মূল্যবান প্রাণগুলো ঝড়ত না।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে এসে রোগীদের স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি।

ঢামেক থেকে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের তিনি আরো বলেন, চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন নিহত এবং নারী ও শিশু সহ ৫০ জনেরও বেশি দগ্ধ ও আহত হয়েছে। এটি একটি হৃদয়বিদারক দৃশ্য। কয়েকজনের অবস্থা অনেক খারাপ। এই ধরনের দুর্ঘটনা বিশেষ করে পুরান ঢাকায় প্রায় সময়ই ঘটছে।

তিনি অভিযোগ করে বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার তা নেওয়া হয়নি। সরকারের মন্ত্রীরা অনেক কথা বলছেন প্রায় সময়ই। কিন্তু যে কাজগুলো তাদের করা দরকার সেগুলো কিছুই করছেন না। আমরা লক্ষ্য করছি যে দায়িত্বহীনতা এত বেড়ে গেছে, কারো কোনো জবাবদিহি নেই।

তিনি বলেন, আমাদের দল অত্যন্ত প্রতিকূল অবস্থায় আছে। তারপরও আমরা আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করব এবং তাদের সাহায্য করার চেষ্টা করবো। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য যেনো উপযুক্ত পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হয়।

এ সময় তিনি এক রোগীর উদাহরণ তুলে তিনি বলেন, এরা সবাই নিম্নআয়ের মানুষ। একজনের সঙ্গে কথা বললাম যিনি দোকানে চাকরি করেন। বাড়ি ফরিদপুর। তার স্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা। এই পরিবার কীভাবে চলবে। এ জন্য তাদের প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার অবশ্যই জরুরি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত