রাজধানীর পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেলেন আলোচিত ইউটিউবার তারকা হিরো আলম।
অগ্নিদগ্ধদের চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি স্বজনদের সঙ্গে কথা বলেন হিরো আলম।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘আমার রাজনীতি মানুষের জন্য। এমপি হলাম কী হলাম না, বড় কথা না। এমপি হতে পারিনি বলে মানুষের সেবা বন্ধ করব না'।
পরিদর্শনের সময় তিনি রোগীদের বলেন, আপনাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি। আপনারা কোনো কিছুর জন্য চিন্তা করবেন না। যখন যা লাগে, আমাকে বলবেন। আমি আপনাদের সঙ্গে আছি।
এ সময় অগ্নিদগ্ধদের স্বজনদের নিজের ফোন নম্বরও দিতে দেখা যায় তাকে।
তিনি বলেন, এ দেশে ধনী লোকের সংখ্যা কম নয়। সবাই যদি এগিয়ে আসে, তাহলে পুড়ে যাওয়া রোগীদের ভালো চিকিৎসা হওয়া সম্ভব।
মিডিয়ায় তাকে নিয়ে নানা ট্রল হচ্ছে, তা কীভাবে নিচ্ছেন, এমন প্রশ্নে হিরো আলম বলেন, 'আমি হিরো আলম কখনো ভয় পাইনি। কখনো পিছ পা হইনি, হবেও না'।
