আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমাগত চাপের মুখে সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদের সদর দপ্তরের দখল নিয়েছে পাকিস্তানের সরকার। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যভুক্ত দেশগুলো পাকিস্তানকে চাপ প্রয়োগ করার এক দিনের মাথায় ইমরান খান সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী পিটিআইকে বলেন, ‘পাঞ্জাব সরকার বাহাওয়ালপুরে অবস্থিত জইশ-ই-মোহাম্মদের (জেইএম) সদর দপ্তরের দখল নিয়েছে। এ ছাড়া পাঞ্জাব সরকার মাদ্রাসাতুল সাবির ও জামা-ই-মসজিদের প্রাঙ্গণের দখলও নিয়েছে। একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে পুরো বিষয়টি তত্ত্বাবধানের জন্য।’ জাতীয় নিরাপত্তা কমিটির গত বৃহস্পতিবারের সভায় জইশ-ই-মোহাম্মদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে তথ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গত বৃহস্পতিবার পাকিস্তান ২০০৮ সালের মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সাইদের নেতৃত্বাধীন জামাত-উদ-দাওয়া (জেইউডি) এবং সংগঠনটির দাতব্য সংস্থা ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশনকে নিষিদ্ধ ঘোষণা করে।
