আফগানিস্তান প্রিমিয়ার লিগ দিয়ে হযরতউল্লাহ জাজাইয়ের আগমন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে মাতিয়ে গেছেন। এবার জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টির বেশ কয়েকটি রেকর্ড ওলটপালট করে দিলেন। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে তার সেঞ্চুরিতে ভর করে ৩ উইকেটে ২৭৮ রানের সংগ্রহ গড়েছে আফগানিস্তান। যা এই ফরম্যাটের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৯৪ রান তুলে ৮৪ রানে হারে আয়ারল্যান্ড। মাত্র ৬২ বলে ১৬২ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে এই ফরম্যাটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েছেন জাজাই। বিধ্বংসী ইনিংসে ১৬টি ছয় হাঁকিয়েছেন এই ব্যাটসম্যান। যা টি-টোয়েন্টির এক ইনিংসে সর্বোচ্চ ছয়ের রেকর্ড। এ ছাড়া উসমান ঘানিকে (৭৩) নিয়ে প্রথম উইকেটেই ২৩৬ রানের জুটি গড়েছেন জাজাই। যা এই ফরম্যাটে যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ড।
×
