সব জল্পনার অবসান ঘটিয়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য এ কে এম নাজিম উদ্দীন।গত ২৩ ফেব্রুয়ারি রাতে আওয়ামী লীগ কেন্দ্রীয় মনোনয়ন কমিটির মাধ্যমে তার নাম প্রকাশিত হয়। দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আগামী ২৪ মার্চ তৃতীয় দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এ উপজেলায়।এ কে এম নাজিম উদ্দীনের সঙ্গে মনোনয়ন দৌড়ে ছিলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. কাসেম। নির্বাচনে নতুন মুখ হলেও এ কে এম নাজিম উদ্দীন ১৯৭৮ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছে। নাজিম উদ্দীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সাংবাদিকদের বলেন, দলের দুঃসময়েও রাজপথে থেকেছি। তৃণমূল কর্মী হিসেবে মূল্যায়ন পেয়েছি।
×
