ভারতীয় সকল বিজ্ঞাপন ও চলচ্চিত্র বয়কটের ডাক দিয়েছে পাকিস্তান। গত মঙ্গলবার পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে সামা টিভি। তথ্যমন্ত্রীর এই ঘোষণার পর করাচি সিনেমাস নিউপ্লেক্স অ্যান্ড সিনেপ্লেক্স আজ বৃহস্পতিবারের মধ্যে সকল সিনেমা হল থেকে ভারতীয় চলচ্চিত্র প্রত্যাহারের ঘোষণা দেয়।
টুইটবার্তায় ফাওয়াদ চৌধুরী বলেন, ‘সিনেমা পরিবেশকদের সংগঠন ভারতীয় কনটেন্ট বয়কট করছে। কোনো ভারতীয় সিনেমা পাকিস্তানে মুক্তি দেওয়া হবে না। এ ছাড়া ভারতে তৈরি কোনো বিজ্ঞাপনচিত্র পাকিস্তানের কোনো টিভি চ্যানেলে প্রচার করা হবে না।’
এদিকে ভারতের অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন থেকে বলা হয়, পাকিস্তানের কোনো শিল্পী আর বলিউডে কাজ করতে পারবেন না।
বলিউড তারকা সালমান খান তার আগামী ছবি ‘নোটবুক’ থেকে পাকিস্তানি গায়ক আতিফ আসলামকে বহিষ্কার করেছেন। এর আগে টি-সিরিজ আতিফ আসলামের গান ইউটিউব থেকে বাদ দিয়েছে। পাকিস্তানের কোনো শিল্পী এখন ভারতের কোনো অনুষ্ঠানেও গান গাইতে পারবেন না। যারা ভারতে থাকছেন, তাদেরও ভারত থেকে বহিষ্কারের পরিকল্পনা করা হচ্ছে।
ভারতশাসিত জম্মু-কাশ্মীরে ১৪ ফেব্রুয়ারি বোমা হামলায় দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন। ওই ঘটনার পরই মূলত ভারতে চলচ্চিত্র তারকা আর নির্মাতারা প্রতিবাদ জানিয়ে আসছেন। দেশটির বেশ কয়েকজন প্রথম সারির তারকা প্রকাশ্যে পাকিস্তানবিরোধী বক্তব্য দেন।
এর আগে ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহ কর্র্তৃপক্ষ ভারতীয় হিন্দি ছবি প্রদর্শন বন্ধ করে দিয়েছিল। পাকিস্তানের সেনাবাহিনীর প্রতি সংহতি জানাতে তখন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। লাহোর, করাচি ও ইসলামাবাদের প্রেক্ষাগৃহগুলো ভারতীয় সিনেমা বর্জনের ঘোষণা দেয়। কাশ্মীরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সামরিক ও কূটনৈতিক উত্তেজনার কারণেই এমনটা হয়েছিল।
পাকিস্তানের নিয়ন্ত্রণরেখায় (লাইন অব কন্ট্রোল) ভারতের বিমানবাহিনীর হামলায় ৩০০ জন জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। গতকাল মঙ্গলবার ভোরে পাকিস্তানের জইশ-ই-মোহাম্মদ, হিজবুল্লাহ মুজাহিদিন ও লস্কর-ই-তৈয়েবার স্থাপনায় এ বিমান হামলা চালানো হয়।
