শুক্রবার থেকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শুরু হচ্ছে ৪ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে। আগামী সোমবার এ মেলা শেষ হবে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করবেন। কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবির পৈতৃক ভিটায় এ মেলা অনুষ্ঠিত হবে।
৪ দিনব্যাপী এ মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এ ছাড়া থাকবে দেশের বিভিন্ন শিল্পীর অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। বসবে গ্রামীণ মেলা। ইতিমধ্যে শেষ হয়েছে মেলার সকল প্রস্তুতি। এই মেলাকে ঘিরে উপজেলা ব্যাপী বইছে উৎসবের আমেজ।
উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কবির বাড়িটি সার্বক্ষণিক ভাবে মনিটরিং করছে। অপরদিকে এই মেলাকে কেন্দ্র করে নবরূপে সেজেছে কবির বাড়ি ও এর আশপাশের এলাকা।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, উপজেলা পরিষদ এবং স্থানীয় সুধীজনদের সহযোগিতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন এ মেলা আয়োজনের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে আমরা মেলার সকল আয়োজন শেষ করেছি।
উল্লেখ্য ১৯২৬ সালের ১৫ আগস্ট কবি সুকান্ত ভট্টাচার্য কলকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামা বাড়িতে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম নিবারণ ভট্টাচার্য। মাতা সুনীতি দেবী। ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে মৃত্যু বরণ করেন। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল- তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।
