প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা উত্তরের নব-নির্বাচিত মেয়রের সাক্ষাৎ

আপডেট : ০১ মার্চ ২০১৯, ১১:৫৮ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নব-নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেছেন। নব-নির্বাচিত মেয়র ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। খবর বাসস

প্রধানমন্ত্রীও ডিএনসিসি’র মেয়র নির্বাচিত হওয়ায় আতিকুল ইসলামকে অভিনন্দন জানান এবং মেয়র হিসেবে দায়িত্ব পালনে তার সাফল্য কামনা করেন।

এ সময় আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও মো. রাশিদুল আলম, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক ও মো. ফারুক খান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম, ডা. দীপু মনি ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ও সহ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

এ ছাড়া ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান এমপি, আব্দুস সালাম মোর্শেদী এমপি, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন ও বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমানও উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম ডিএনসিসি’র উপ-নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন। নির্বাচনে আতিকুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে ৮,৩৯,৩০২ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির সাফিন আহমেদ পেয়েছেন ৫২,৪২৯ ভোট।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত